গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলা চোলাই মদ পানে ৩ যুবকের মৃত্যু ও একজন অসুস্থ হয়েছে। শনিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলা সদরের পৌর এলাকার কসাইপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত যুবকরা হলো, গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া গ্রামের দুলু মিয়ার ছেলে জহুরুল ইসলাম (৩০) ও একই এলাকার আব্দুল মতিন মিয়ার ছেলে রিপন মিয়া (৩০) ও পার্শ্ববর্তী বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার স্বপন মিয়া (২৯)। তারা সবাই মোটর শ্রমিক বলে জানা গেছে।
অসুস্থ উপজেলা সদরের হীরকপাড়ার আনিছুর রহমানের ছেলে মাসুদ (৩৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন আছে। গোবিন্দগঞ্জ থানার ওসি এ বিএম জাহিদুল ইসলাম গতকাল রবিবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল কসাইপাড়া পরিদর্শন শেষে জানান, মৃত্যু ৩ যুবকদের পরিবারের স্বজনরা বাংলা চোলাই মদ পানে তাদের মারা যাওয়ার বিষয়টি স্বীকার করছেন না। তবে স্থানীয়ভাবে একাধিক সূত্রে মদ পানে তাদের মারা যাওয়ার কথা শোনা যাচ্ছে। এছাড়া মাসুদ (৩৬) নামে আরো এক যুবক গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন আছে।
তিনি আরো জানান, মৃত যুবকদের লাশ ময়না তদন্তের জন্য পুলিশ থানায় নিয়ে আসার চেষ্টা করলেও স্বজনদের বাধার মুখে তা সম্ভব হয় নাই। গোবিন্দগঞ্জ উপজেলা প: প: ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহজাহান জানান, ওই ৩ যুবক অতিরিক্ত মদ পানে অসুস্থ হয়ে প্রচণ্ড পেটের ব্যথা নিয়ে শনিবার দিবাগত গভীর রাতে হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সা নেয়। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়। সেখানে তাদের মৃত্যু হয়েছে।
