উত্তরায় তরুণীর মস্তকবিহীন খণ্ডিত লাশ

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২১:৩৭
রাজধানীর উত্তরা এলাকা থেকে গতকাল রবিবার অজ্ঞাতপরিচয় এক তরুণীর খণ্ডিত লাশ পুলিশ দুই স্থান থেকে উদ্ধার করেছে। তবে গতকাল পর্যন্ত ঐ তরুণীর মস্তক উদ্ধার করা যায়নি। এ ঘটনায় তুরাগ থানায় মামলা হয়েছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৯/এ এলাকার ২ নম্বর বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয় লাশের হাত-পা, যা পলিথিন দিয়ে মোড়ানো ছিল। অপরদিকে তুরাগ থানার ডিউটি অফিসার আব্দুল কাদের জানান, গতকাল সকাল দশটার দিকে তুরাগের চন্ডাল ভোগ ব্রিজের কাছ থেকে উদ্ধার করা হয় তরুণীর লাশের খণ্ডাংশ (নাভি থেকে গলা পর্যন্ত)। এটি একটি কাপড়ের ব্যাগে রাখা ছিল। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে যেকোন সময় ঐ তরুণীকে হত্যা করা হয়েছে। লাশের খণ্ডিত অংশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার হওয়া লাশের খণ্ডিত অংশের ধরন দেখে মনে হচ্ছে তরুণীর বয়স ১৬ থেকে ২০ এর মধ্যে।