ডিফেন্ডার থমাস ভারমেলেন এক কোটি ৯০ লাখ ইউরোর বিনিময়ে আর্সেনাল থেকে বার্সেলোনায় যোগ দিলেন। গতকাল রবিবারই স্প্যানিশ ক্লাবটির তাকে ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়। ভারমেলেন ক্লাবটির জন্য অনেককিছু বয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে জানান যে এটা তার জন্য চ্যালেঞ্জ।
আর্সেনালের সাবেক অধিনায়ক বলেন, ‘এখানে অনেক বেশি প্রতিযোগিতা। তারপরও আমি শিহরিত। এখন এটা আমি কি করতে পারি সেটা দেখানোর দায়িত্বও আমার। এটি বিশ্বের অন্যতম সেরা ক্লাব। বহু খেলোয়াড় এখানে আসার জন্য স্বপ্ন দেখে। কাজেই আমাকে সিদ্ধান্ত নিতে কোন সমস্যায় পড়তে হয়নি।’
বেলজিয়ামের এ খেলোয়াড়টি স্প্যানিশ জায়ান্টদের প্রতি দুর্বলতার কারণে গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। গত শনিবার সকালে তিনি ডাক্তারী পরীক্ষার জন্য বার্সেলোনায় উড়ে আসেন। রক্ষণভাগের এই খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে কাতালান ক্লাবটিকে প্রাথমিক পর্যায়ে এক কোটি ৫০ লাখ ইউরো খরচ করতে হচ্ছে। এছাড়াও দলটিকে অতিরিক্ত আরো ৪০ লাখ ইউরো খরচ করতে হবে তার জন্য।
যদিও বার্সা তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘থমাস ভেরমালেন অপ্রকাশিত মূল্যে স্থায়ীভাবে বার্সেলোনায় যোগ দিতে সম্মত হয়েছে। শনিবার ভারমেলেন তার স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার দল বদল এখন কেবলই সাধারণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার ব্যাপার। আর্সেনালে থাকাকালে অবদানের জন্য ক্লাবটির প্রত্যেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ভাল ভবিষ্যত্ কামনা করেছেন।’
গত কয়েক মৌসুম ধরে ইনজুরির মধ্যে থাকলেও ২৮ বছর বয়সী আয়াক্সের সাবেক এই খেলোয়াড় কোনো সমস্যা ছাড়াই স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হন। এ নিয়ে গত সাত বছরে আর্সেনালের তিনজন অধিনায়ক বার্সেলোনায় যোগ দিলেন। এর আগে আর্সেনালের সাবেক অধিনায়ক থিয়েরি অরি ২০০৭ সালে এবং সেসক ফেব্রেগাস ২০১১ সালে ন্যু ক্যাম্পে যোগ দেন।—গোল ডটকম
