ইরানে বিমান বিধ্বস্ত, ৪৮ জন নিহত

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২২:৫১
ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে একটি বিমান বিধ্বস্ত হয়ে সাত শিশুসহ এর ৪৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রবিবার সকাল পৌনে ১০টার দিকে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ছোট আকারের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড্ডয়নের কিছুক্ষণ পরই ইঞ্জিন বিকল হয়ে তেহরানের উত্তরপশ্চিমাঞ্চলের আজাদি আবাসিক এলাকার কাছে আঁছড়ে পড়ে তাবান এয়ারলাইন্সের উড়োজাহাজটি। খবর বিবিসি, রয়টার্স ও এএফপি’র বিমানটি দেশের পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশের তাবাস শহরে যাচ্ছিল। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র হোসেন দেরাখশান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও এর সঠিক কারণ সম্পর্কে তাত্ক্ষনিকভাবে কিছু জানাতে পারেননি। দুর্ঘটনার পরপরই একটি তদন্ত দল ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন তিনি। গত দুই মাসের মধ্যে বড় ধরনের বিমান দুর্ঘটনার চতুর্থ ঘটনা এটি। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে গত ১৭ জুলাই। ওই দিন পূর্ব ইউক্রেনে মালয়েশিয়া এয়ালাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২৯৮ আরোহীদের সবাই নিহত হন। গত ২৩ জুলাই তাইওয়ানের পেঙ্গু দ্বীপে জরুরি অবতরণের সময় ৫৮ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়ে অভ্যন্তরীন রুুটে চলাচলকারী একটি উড়োজাহাজ। নিহত হয় এর ৪৮ আরোহী। এর পরদিনই ১১০ জন আরোহী নিয়ে আলজেরিয়ার একটি উড়োজাহাজ বুরকিনা ফাসো থেকে আলজিয়ার্সে যাওয়ার পথে মালির উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়। এর আগে গত ৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মাঝ আকাশে উধাও হয়ে যায়।