চবিতে পরীক্ষার হলে তালা দিয়ে ভাংচুর করেছে শিক্ষার্থীরা

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২২:৫৫
পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজী বিভাগে পরীক্ষার হলে তালা দিয়ে ভাংচুর করেছে বঞ্চিত শিক্ষার্থীরা। গতকাল রবিবার কলা অনুষদ ভবনের দ্বিতীয় তলায় দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরুর পূর্বে এ ঘটনা ঘটে। গতকাল সংশ্লিষ্ট বিভাগে নির্ধারিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি। বিভাগ সূত্রে জানা গেছে, এক দশমিক ৭৫ এর কম জিপিএ পাওয়া শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা দিতে হয়। কোন কোন ক্ষেত্রে এক শিক্ষাবর্ষে দুইবার বিশেষ পরীক্ষা দেয়ার সুযোগও দেয়া হয়। কিন্তু ২০১১-১২ শিক্ষাবর্ষের ৩৬ শিক্ষার্থীদের এ সুযোগ দেওয়া হয়নি। যার ফলে ওই ৩৬ শিক্ষার্থীর ছাত্রত্ব বর্তমানে হুমকির মুখে পড়েছে। গতকাল বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে বঞ্চিত শিক্ষার্থীদের একটি দল এসে পরীক্ষার হলে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন কক্ষের জানালার কাঁচ, নোটিস বোর্ড ভাংচুর করে। পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এদিকে বিভাগের চেয়ারম্যান আজমেরি আরা বলেন, বিভাগের কিছু উচ্ছৃংখল শিক্ষার্থীর কারণে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।