কাঁধের চোটে পড়েছেন আব্বাস

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:১৫

পাকিস্তানী ফাস্ট বোলার মোহাম্মদ আব্বাস আবারও কাঁধের ইনজুরিতে পড়েছেন। ফলে তিনি শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে পরের সপ্তাহে টেস্ট মিস করছেন, তাই নয়; সম্ভবত আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরও তিনি মিস করতে যাচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসে জেতা দুবাই টেস্টে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিয়ে ডান কাঁধে চোট পান আব্বাস। এরপর টেস্ট জুড়ে ব্যথানাশক ওষুধ নিয়ে খেলা চালিয়ে গেছেন তিনি। কিন্তু বুধবার পরীক্ষা করিয়ে দেখা গেছে, তার কাঁধের চোটের অবস্থা বেশ খারাপ। আব্বাসের পরীক্ষার ফলাফল একজন কাঁধ বিশেষজ্ঞর কাছে পাঠানো হয়েছে। তবে এটুকু জানানো হয়েছে যে, তিনি তিন সপ্তাহ থেকে চার মাসের মধ্যে যে কোনো একটা সময় বাইরে থাকবেন। পাকিস্তানের অফুরন্ত নতুন পেস তারকার একজন আব্বাস। ইতিমধ্যে নিজেকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে প্রমাণ করা এই পেসার ১২ টেস্টে ৬১ উইকেট নিয়ে আলোচনায় এসেছেন।