তিন-চারটি সমুদ্র সৈকতে আমরা খুব বেশি বেড়াতে যাই। অথচ আমাদের অনেকেরই জানা নেই এদেশে কম করে হলেও দুই ডজনেরও অধিক সমুদ্রসৈকত আছে। প্রতিটি সমুদ্রসৈকতই রূপে, বৈশিষ্ট্যে একেবারেই আলাদা। বাংলাদেশ মানচিত্রের দক্ষিণ প্রান্ত ঘেঁষে ছড়িয়ে থাকা এসব সুন্দর সুন্দর বেলাভূমিতে বেড়ানোর সবরকম তথ্য নিয়ে অবসর প্রকাশনা সংস্থা থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে ভ্রমণ লেখক ও আলোকচিত্র সাংবাদিক মুস্তাফিজ মামুনের তৃতীয় ভ্রমণ বই ‘দেখুন সমুদ্রসৈকত’। লেখকের প্রথম ও দ্বিতীয় ভ্রমণ বিষয়ক বই যথাক্রমে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ নিয়ে ‘দেখুন বাংলাদেশ’ এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ভ্রমণ নিয়ে ‘দেখুন সুন্দরবন’। নতুন এ বইটিতে দেশের প্রায় সবগুলো সমুদ্রসৈকতের বর্ণনা, যাতায়াত তথ্য, সৈকতের কাছাকাছি হোটেল-মোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল ইত্যাদি সবকিছুর সর্বশেষ তথ্য রয়েছে। এছাড়া, কোন সময়ে কোন সৈকত বেড়ানোর জন্য উপযোগী, সৈকতগুলোতে কীভাবে বেড়াবেন ইত্যাদি সব তথ্যও আছে বইটিতে। সবগুলো সমুদ্রসৈকতের রঙিন ছবিও আছে বইটিতে। আর্টপেপারে চাররঙা ছাপা, পেপারব্যাক বাঁধাই বইটির মূল্য ৪৫০ টাকা। দেশের সব বইয়ের দোকান ছাড়াও শাহবাগের আজিজ সুপার মার্কেট ও কাঁটাবনে কনকর্ড এম্পোরিয়ামের ভ্রমণসঙ্গীতে বইটি পাওয়া যাবে। এছাড়া ঘরে বসেও বইটি পাওয়া যাবে রকমারি ডটকমের মাধ্যমে।
