আদাবর ১৬ সড়কের খালপাড় পাকা করার আবেদন

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২০:৫২
ঢাকার আদাবর, নবোদয়, সুনিবিড় এলাকাগুলোতে নাগরিক বসতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে; তৈরি হচ্ছে সুরম্য অট্টালিকা। মূলত আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠেছে এসব। কিন্তু নাগরিক সুযোগ-সুবিধাগুলো সেই হারে পরিলক্ষিত হচ্ছে না। যেমন পয়ঃনিষ্কাশন, রাস্তাঘাট, বিদ্যুত্ সংযোগ, টেলিফোন সংযোগ, পানীয়জল, শিক্ষাপ্রতিষ্ঠান তেমনভাবে গড়ে উঠছে না। ব্যক্তিগত এবং বেসরকারি পর্যায়ে কিছু ুশিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার হয়তো গড়ে উঠছে, কিন্তু সেগুলোর মান তেমন ভালো নয়। অন্যদিকে শ্যামলী, শেখেরটেক এসব এলাকায় নাগরিক সুযোগ-সুবিধাগুলো বিগত ক’বছরের মধ্যে কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেছে। পয়ঃনিষ্কাশনের জন্যে সুয়ারেজ পাইপ স্থাপন, বৈদ্যুতিক খুঁটি স্থাপন, সুদৃশ্য ফুটপাত নির্মাণ- কাজগুলো যে কারো দৃষ্টি কাড়ে। শ্যামলী, শেখেরটেক, নবোদয়ের ধারাবাহিকতায় আমরা আদাবর, সুনিবিড় এলাকার বাসিন্দারাও মৌলিক নাগরিক সুবিধাগুলোর সুযোগ পেতে চাই। বিশেষ করে আদাবর ১৬ নম্বর বাজার রোডের পাশ দিয়ে যে খালটি কল্যাণপুরের দিকে গিয়েছে তার দু’পাড় পাকা করা জরুরি। এতে পয়ঃনিষ্কাশন গতিশীল হবে, জলাবদ্ধতা দূর হবে এবং অবৈধ দখলদারের হাত থেকে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি রক্ষা পাবে। কাজেই স্থানীয় সরকার বিভাগ এবং সিটি কর্পোরেশন কাছে কর্তৃপক্ষের নিবেদন এই যে, আদাবর ১৬ নম্বর রোডের বাজারের পাশের কালভার্টের উজানে এবং ভাটিতে খালটির দু’পাশ পাকা করার ব্যবস্থা করুন। জনৈক এলাকাবাসী