মংলা পৌরসভাধীন নারিকেলতলার বাঁশতলা-কাটাখালের উপর ৩০ হাজার মানুষের যাতায়াতের জন্য নির্মিত একমাত্র ব্রিজটি দীর্ঘ তিন বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। এ অবস্থায় ব্রিজটি সংস্কারের দাবিতে এলাকাবাসী ্ও মংলা নাগরিক সমাজের উদ্যোগে গত রবিবার পৌরসভা চত্বরে মানববন্ধন এবং পৌর মেয়রের কাছে স্মারকলিপি পেশ করা হয়। নারিকেলতলা গ্রামবাসীর পক্ষ থেকে জেম্স জিদিও দাস জানান ১২ বছর আগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে নারিকেলতলা খালের উপর ব্রীজটি নির্মাণ করা হয়। এ ব্রীজের উপর দিয়ে নারিকেলতলা, আরাজী মাকোড়ঢোন, মাছমারা, পাইকখালী, জয়খাঁ, সেজবুনিয়া এবং আশ্রয়ন প্রকল্পের প্রায় ৩০ হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে। বর্তমানে ব্রিজটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন মংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নূর আলম শেখ। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা গঠনের নির্বাহী পরিচালক সুশান্ত রায়, শিক্ষিকা প্রীতি রায়, পাষ্টার সায়মন হালদার, তানজীম হোসেন মুকুল, জানে আলম বাবু, জনি হালদার, কামরুল ইসলাম ইজারদার, হনক হালদার প্রমুখ। মানববন্ধন শেষে মংলাপোর্ট পৌরসভার মেয়রের অনুপস্থিতিতে তার পিএস মোঃ শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
