গাজীপুরে হত্যা মামলার রায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: মনির কামাল এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি অখিল চন্দ্র সরকার গাজীপুরের কাপাসিয়া উপজেলার বানরহাওলা গ্রামের মৃত যোগেশ চন্দ্র সরকারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের ১২ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে কাপাসিয়ার বানরহাওলা গ্রামের মো: গিয়াস উদ্দিন সরকার খুন হন। এ ঘটনায় নিহতের ছেলে মাহফুজুল হক দেলোয়ার বাদি হয়ে ১০ জনকে আসামি করে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। রবিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অখিল চন্দ্র সরকারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড এবং ৩২৩ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড দেন। অপর আসামি অনিল চন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত। এছাড়া মামলা চলাকালীন সময় অন্য আসামি সচিন্দ্র চন্দ্র সরকার মারা যান।
