চেক জালিয়াতির দায়ে সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন নাটোরের অতিরিক্ত দায়রা জজ রহিবুল ইসলাম। রবিবার ঘোষিত রায়ে ব্যাংকের অপর দুই কর্মকর্তাকে খালাস দেয়া হয়। সাজাপ্রাপ্ত আসামি মইনুল ইসলাম ও আজিজুর রহমান পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১ আগস্ট সোনালী ব্যাংকের এক গ্রাহক ২৩ লাখ টাকা উত্তোলনের জন্য চেক দেন। কিন্তু তার হিসাবে মাত্র ৬০ হাজার টাকা ছিল। নিয়ম অনুযায়ী লেজার বইয়ের হিসাব নম্বরে জমাকৃত টাকার লিমিট পরীক্ষা না করেই জালিয়াতির মাধ্যমে চেকটি ছাড় দেয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে বিষয়টি জানা গেলে ব্যাংকের তত্কালীন ম্যানেজার রেজাউল হক নাটোর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। গ্রেফতার হওয়ার দিন থেকে তাদের সাজার মেয়াদ শুরু হবে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক ব্যাংকের কর্মকর্তা আশরাফুল আলম ও মতিউর রহমানকে বেকসুর খালাস দেয়।
