ছাত্রলীগ কর্মী ইফতি হত্যাকারীদের গ্রেফতারের দাবি

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২১:১৯
নেত্রকোনা সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের মেধাবী ছাত্র ছাত্রলীগ কর্মী মীর্জা আজিজ আমানী ইফতি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা মহিবুল ইসলাম আকাশসহ ৬ ছাত্রলীগ কর্মীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত ইফতির বাবা মীর্জা আজিজুর রহমান হাবলু বাদী হয়ে গত রবিবার এ মামলা দায়ের করেন। গত শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ইফতি খুন হয়। গতকাল সোমবার জানা যায়, নেত্রকোনা শহরের সাতপাই এলাকার একটি মেয়ের সাথে নিহত ইফতি এবং আকাশের প্রেমের সম্পর্ক ছিল। এই নিয়ে আকাশ এবং ইফতির মধ্যে মনোমালিন্যেরও সৃষ্টি হয়। মেয়েটির দুর্বলতা ছিল ইফতির প্রতি। মেয়েটির কাছে এদের কেউ যাতে যেতে না পারে সেজন্য এরা পরস্পর প্রতিহিংসার মধ্যে নিপতিত হয় এবং একজন আর একজনকে হত্যার জন্য কৌশল অবলম্বন করতে থাকে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কাউসারের সাথে যোগাযোগ করলে তিনি মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে ইফতি হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গতকাল সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কলেজের ছাত্র-শিক্ষক-অভিভাবকবৃন্দ। মানববন্ধন শেষে কলেজের শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক ওসমান তালুকদার, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সুমন সরকার অপুসহ অন্য নেতৃবৃন্দ। তারা অবিলম্বে ইফতি হত্যাকাণ্ডের সাথে জড়িত আকাশসহ ৬ ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার করার পাশাপাশি সকল আসামিকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তিসহ কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। উল্লেখ্য, গত শনিবার সকালে নেত্রকোনা সরকারি কলেজে মেধাবী ছাত্র ছাত্রলীগ কর্মী ইফতি (১৭) তারই সহপাঠী মহিবুল ইসলাম আকাশের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়।