লিভারপুলকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল পিএসজি

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:১৫

প্যারিস সেইন্ট জার্মেইঁ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ২-১ গোলে হারিয়েছে লিভারপুলকে। নিজেদের মাঠে এই জয়ে শেষ ষোলোর আশা জিইয়ে রাখলো ফরাসি চ্যাম্পিয়ন দলটি।

আগের খেলায়ই নকআউট নিশ্চিত করা বার্সেলোনা পিএসভি আইন্দহোভেনকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ ‘বি’-এর শ্রেষ্ঠত্বও নিশ্চিত করেছে এদিন। প্রতিপক্ষের মাঠে জয়ের রাতে কীর্তি গড়েছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। পিএসভির বিপক্ষে লক্ষ্যভেদ করে চ্যাম্পিয়ন্স লিগে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন তিনি। গ্রুপটির অন্য ম্যাচে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে পরের পর্বের আশা বাঁচিয়ে রেখেছে টটেনহ্যাম হটস্পার। 

নিজেদের মাঠে রেডস্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘সি’র শীর্ষে আছে নাপোলি। শেষ ষোলর টিকিট কেটেছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বরুসিয়া ডর্টমুন্ডও। নিজেদের মাঠে মোনাকোকে ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো। বরুসিয়াকে অবশ্য ক্লাব ব্রুজের বিপক্ষে গোলশূন্য ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

লিভারপুলের বিপক্ষে ১৩ মিনিটে হুয়ান বার্নাটের গোলের পর ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্যারিসের ব্রাজিলীয় তারকা নেইমার। প্রথমার্ধ্বের শেষদিকে পেনাল্টি থেকে জেমস মিলনার ব্যবধান কমালেও সমতাসূচক গোলের দেখা পায়নি লিভারপুল। ফলে ২-১ ব্যবধানে ম্যাচটি হারে কোচ য়ুর্গেন ক্লপের শিষ্যরা। হারটির ফলে গ্রুপ ‘সি’ থেকে দ্বিতীয় পর্বে উত্তরণের জন্য কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে লিভারপুল। নক আউটে যেতে হলে শেষ ম্যাচে নাপোলিকে দুই গোলের বেশি ব্যবধানে হারাতে হবে তাদের।

শিরোপা প্রত্যাশী বার্সেলোনা গ্রুপ ‘বি’র ম্যাচে পিএসভির মাঠ থেকে ২-০ গোলে জয়লাভ করেছে। এদিন এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙা মেসির ছোঁয়া ছিলো বার্সার দুটি গোলেই। গোলশূন্য প্রথমার্ধ্বের পর ৬১ মিনিটে উসমান দেম্বেলের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে পিএসভি বক্সে ঢুকেই শট নেন মেসি। প্রথমবারের মত এগিয়ে যায় বার্সা। ৭০ মিনিটে মেসির নেওয়া বুদ্ধিদ্বীপ্ত ফ্রি কিকে পা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্ড পিকে। ৮২ মিনিটে পিএসভির লুক ডি ইয়ং ব্যবধান কমালেও সমতায় আর ফেরা হয়নি স্বাগতিকদের। ২-১ ব্যবধানে জয় নিয়ে গ্রুপ শ্রেষ্ঠত্বও নিশ্চিত করে ফেলে কোচ আর্নেস্তো ভালভার্দের দল।

গ্রুপের অন্য ম্যাচে ক্রিশ্চিয়ান এরিকসেনের একমাত্র গোলে নিজেদের মাঠে ইন্টার মিলানকে হারিয়েছে টটেনহ্যাম। এর ফলে পরের পর্বের আশাও জিইয়ে রাখলো কোচ মরিসিও পচেত্তিনোর দল। তবে নকআউটে  উত্তরণের ব্যাপারটি নিজেদের হাতে নেই স্পার্সদের। পরের ম্যাচে বার্সাকে হারাতে পারলে এবং সাথে ইন্টার পিএসভির কাছে হারলে তবেই দ্বিতীয় রাউন্ডে যাবেন হ্যারি কেইনরা।  

এদিকে গ্রুপ ‘সি’তে নাপোলি রেড স্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়েছে। এর ফলে গ্রুপের শীর্ষে উঠে এসেছে কোচ কার্লো অ্যানচেলত্তির দল। তবে শেষ ষোল এখনো নিশ্চিত হয়নি তাদের।

 কোকে এবং অ্যান্টোনিও গ্রীজম্যানের গোলে নিজেদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় মোনাকোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এর ফলে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় পর্বে পা রাখলো তারা। গ্রুপের অন্য ম্যাচে ক্লাব ব্রুজের সঙ্গে গোলশূন্য ড্র করেও শেষ ষোলয় অ্যাটলেটিকোর সঙ্গী হয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।