পাথরঘাটায় একটি ইলিশ মাছ বিক্রি হলো ১৫ হাজার টাকায়। প্রায় আড়াই কেজি ওজনের বৃহত্ আকারের মাছটি গতকাল সোমবার সকালে উপজেলার বিএফডিসি পাইকারি বাজারে ওঠে। ঢাকায় উপহার হিসাবে পাঠাতে স্থানীয় এক যুবক ওই টাকায় মাছটি কিনে নেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাংলাদেশ মত্স্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর পাইকারি বাজারে আড়তদার ও পৌর কাউন্সিলর মো. কামরুল হুদা মিরাজের গদিতে উত্সুক মানুষের ভিড়। জানা গেল, একটি ইলিশ মাছের মূল্য উঠেছে ১৫ হাজার টাকা। মাছটির ওজন ২ কেজি ৪শ’ গ্রাম। প্রতি কেজি ৬ হাজার ২৫০ টাকা। মাছটি দেখার জন্যই মানুষ ওই গদিতে ভিড় করেছে।
আড়তদার জানান, নওগাঁ এলাকার ব্যবসায়ীদের জন্য মাছটি তিনি এক জেলের কাছ থেকে ১১ হাজার ১৬০ টাকায় কেনেন। পরে স্থানীয় এক যুবক (নাম প্রকাশে অনিচ্ছুক) মাছটি ১৫ হাজার টাকায় কিনে নেন।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, দীর্ঘদিন এমন বড় আকারের মাছ দেখা যায়নি। বাজারে বর্তমানে ভাল মানের ইলিশ মাছ ২৮ থেকে ৩০ হাজার টাকা মণ দরে বিক্রি হয়। অথচ ওই মাছটি বিক্রি হল আটগুণ বেশি মূল্যে, প্রায় আড়াই লাখ টাকা মণ দরে।
