কমছে না খেলাপি ঋণের পরিমাণ

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২২:৩৪
দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলেও ব্যবসা-বাণিজ্যের গতি এখনো ফেরেনি। এই পরিস্থিতিতে ব্যাংকের ঋণ বিতরণ বাড়ছে না। আবার যেসব ঋণ বিতরণ করা হয়েছে সেসব টাকাও ফেরত পাচ্ছে না ব্যাংক। ফলে খেলাপি ঋণ বাড়ছেই। বর্তমানে ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ১০ দশমিক ৭৫ শতাংশ খেলাপি ঋণে পরিণত হয়েছে। জুন প্রান্তিক শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫১ হাজার ৩৪৪ কোটি টাকা। যা তিন মাস আগের তুলনায় ৩ হাজার ১৭২ কোটি টাকা বেশি। মোট শ্রেণিকৃত (খেলাপি হিসাবে পরিচিত) ঋণের মধ্যে রাষ্ট্রীয় মালিকানার চার বাণিজ্যিক ব্যাংকে রয়েছে ১৯ হাজার ৭১৯ কোটি টাকা। যা মোট ঋণের ২৩ দশমিক ২৩ শতাংশ। এর মধ্যে সোনালী ব্যাংকে রয়েছে ১০ হাজার ৫৪৯ কোটি টাকা (৩৬ দশমিক ২৭ শতাংশ)। জনতা ব্যাংকে রয়েছে তিন হাজার ৫২৭ কোটি টাকা (১৩ দশমিক ৪৬ শতাংশ)। অগ্রণী ব্যাংকে রয়েছে তিন হাজার ৮৯৫ কোটি টাকা (২১ দশমিক ১৭ শতাংশ)। আর রূপালী ব্যাংকে রয়েছে এক হাজার ৭৪৬ কোটি টাকা (১৫ দশমিক ৬০ শতাংশ)। বিশেষায়িত ব্যাংকগুলোতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ১১ হাজার ৫১ কোটি টাকা। এর মধ্যে বেসিক ব্যাংকে রয়েছে চার হাজার ৫৯০ কোটি টাকা। আগের প্রান্তিক শেষে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল দুই হাজার ৫৫৭ কোটি টাকা। এ সময়ে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৯ হাজার ১৫০ কোটি টাকা। মার্চে এটা ছিল ১৮ হাজার ৫২৯ কোটি টাকা। আর বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ রয়েছে এক হাজার ৪২২ কোটি টাকা। আগের প্রান্তিক শেষে এটা ছিল এক হাজার ২২৭ কোটি টাকা।