অতীতে কোন আন্দোলন ব্যর্থ হয়নি, এবারও হবে না :মির্জা ফখরুল

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২২:৩৫
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতে বাংলাদেশের কোন গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হয়নি, এবারও হবে না। সারাদেশের মানুষ এই সরকারের পতন চায়। এই চাওয়াকে কাজে লাগিয়ে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। গণতন্ত্র রক্ষায় বিএনপি বিরোধী দল হিসেবে জনগণকে ঐক্যবদ্ধ করে অচলায়তন ভাঙ্গতে সকল প্রচেষ্টা চালিয়ে যাবে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। প্রজন্ম দলের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক ড. মাহফুজ উল্লাহ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ। মির্জা ফখরুল বলেন, এ আন্দোলন বিএনপি কিংবা বিশ দলের ক্ষমতায় যাওয়ার প্রশ্নে নয়। এখন প্রশ্ন গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবো কি না। এজন্য জনগণকে কৌশল নির্ধারণ করতে হবে। তথ্যমন্ত্রীর সমালোচনা করে ফখরুল বলেন, একসময় যিনি আওয়ামী লীগ থেকে বের হয়ে জাসদ গঠন করে পরে গণবাহিনী গঠন করেছিলেন, তিনি এখন সম্প্র্রচার নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্র্রচার নীতিমালা বিচ্ছিন্ন কিছু নয়। দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার সামগ্রিক পরিকল্পনার অংশ। তিনি বলেন, মিডিয়াকে অনেক আগ থেকেই নিয়ন্ত্রণ করছে তারা। সম্প্র্রচার নীতিমালা দিয়ে গণমাধ্যমে সংবাদ লেখা ও প্রচারে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে । এদিকে মির্জা ফখরুল গতকাল এক বিবৃতিতে ঢাকা মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আনভীর আদেল খান বাবুকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।