নিখোঁজ সহকর্মীর সন্ধানে গাজীপুরে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২২:৩৬
গাজীপুরের কাশিমপুর নয়াপাড়া এলাকার মাল্টি ফ্যাবস নামের একটি গার্মেন্ট কারখানার এক শ্রমিক দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। মেহেদী হাসান নামের ঐ শ্রমিকের সন্ধানের দাবিতে সোমবার সকালে প্রতিষ্ঠানের শ্রমিকরা কারখানায় কর্মবিরতি, বিক্ষোভ সমাবেশ এবং দরজা-জানালার কাঁচ ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের কারখানা এলাকা থেকে সরিয়ে দেয়। এ ঘটনার পর কর্তৃপক্ষ সোমবার ও মঙ্গলবারের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে। শ্রমিকরা অভিযোগ করেন, গত শনিবার শ্রমিকদের বেতন দেয়া হয়। বেতনের টাকা নেয়ার পর বিকালে কাটিং সেকশনের থ্রিজারম্যান মেহেদী হাসান (২৪) বেরিয়ে যায়। তারপর থেকেই সে নিখোঁজ। তারা আরো জানায়, গত ৬ আগস্ট কাজ নিয়ে কাটিং ম্যানেজার নাজিম উদ্দিনের সাথে মেহেদীসহ কয়েক শ্রমিকের বাক-বিতন্ডা হয়। ঐ ঘটনায় চাকরিচ্যুত করা হয় মেহেদীকে। নাজিম ঐদিন মেহেদীকে হুমকি দিয়েছিলো বলেও জানায় তার সহকর্মীরা।