গাজায় মেডিক্যাল টিম পাঠাবে বাংলাদেশ

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২২:৪১
ফিলিস্তিনের গাজায় নিরীহ জনগণের উপর ইসরাইলের বর্বরোচিত হামলায় আহত নারী-পুরুষ ও শিশুদের চিকিত্সা সেবায় বাংলাদেশ থেকে সরকারিভাবে ওষুধ সামগ্রীসহ মেডিক্যাল টিম প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ইত্তেফাক’কে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই মেডিক্যাল টিম প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়। যেভাবে নারী-শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে এটা বিবেক নাড়িয়ে তুলছে। অসহায়, আহতদের চিকিত্সা সেবা প্রদানে এই সময় কিছুই নেই ফিলিস্তিনিদের। আহতদের অধিকাংশই বিনা চিকিত্সায় মারা যাচ্ছে। গাজার হাসপাতালগুলোতেও আহতদের স্থান সংকুলান হচ্ছে না। এ অবস্থায় প্রধানমন্ত্রী অসহায় আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী ওষুধ সামগ্রীসহ একটি উচ্চ পর্যায়ের মেডিক্যাল টিম প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়। গতকালই সেই সিদ্ধান্তের কথা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানিয়ে দেয়া হয়েছে। এ মেডিক্যাল টিমে চিকিত্সক ছাড়াও নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্ট থাকছে।