নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, বাংলাদেশের নির্বাচন কমিশন ভারতের চেয়ে অনেক শক্তিশালী। তবে বাংলাদেশে ৩টি কারণে সব মহলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাচ্ছে না। গতকাল সোমবার শেরপুরে নবনির্মিত সার্ভার স্টেশন ভবন উদ্বোধনকালে তিনি একথা বলেন।
তিনি ভারতের নির্বাচন কমিশনের প্রসঙ্গ টেনে বলেন, সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন বাংলাদেশের নির্বাচন কমিশনের ব্যাপারে বলেছেন, ভারতের চেয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন অনেক শক্তিশালী। তবে বাংলাদেশে ৩টি কারণে সর্বমহলে গ্রহণযোগ্যতা পচ্ছে না। ভারতে নির্বাচন কমিশনের প্রতি সকল রাজনৈতিক দলের আস্থা থাকে, নির্বাচন কমিশনের ইমেজ ক্ষুণ্ন হয় এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয় না এবং ভারতের নির্বাচন কমিশনের অভিভাবক হিসাবে সুপ্রিম কোর্ট সরাসরি কাজ করে। কিন্তু বাংলাদেশে এখনো সে ধরনের পরিবেশ তৈরি হয়নি।
সার্ভার স্টেশন ভবন উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, জেলা রিটার্নিং কর্মকর্তা মো. হায়দার আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরীন ফারজানা প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে নির্বাচন কমিশনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন এবং ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সবশেষে তিনি নালিতাবাড়ী উপজেলার সার্ভার স্টেশন উদ্বোধন করেন।
