বিএনপির আন্দোলনে প্রস্তুতি গ্রহণের জন্য রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার বেলা ১২টায় এক যৌথসভা অনুষ্ঠিত হবে। দলের যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সকল সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের যৌথসভায় যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
এদিকে গতকাল সোমবার প্রস্তুতি সভা করেছে জাতীয়তাবাদী মহিলা দল। নয়াপল্টনে দলের কার্যালয়ে দুপুরে প্রস্তুতি সভা শেষে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বলেন, খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়েছেন। আমরা নিজেদের মধ্যে সমন্বয় করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। শিরিন সুলতানার সভাপতিত্বে সিনিয়র সভাপতি রাবেয়া সিরাজ, ঢাকা মহানগরের সভাপতি সুলতানা মাহমুদসহ মহিলা দলের নেতারা সভায় উপস্থিত ছিলেন।
