প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : বাংলা

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ১৯:৩২
সুন্দরবনের প্রাণী ০১। প্রশ্ন : ক্যাঙ্গারু কোথায় দেখা যায়? উত্তর : ক্যাঙ্গারু একটি অতি সুন্দর প্রাণী। একমাত্র অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু দেখা যায়। ০২। প্রশ্ন : সুন্দরবনে কি গন্ডার পাওয়া যায়? উত্তর : বাংলাদেশের জন্য বিধাতার এক অপূর্ব দান হলো সুন্দরবন। এখানে গন্ডার পাওয়া যায় না। এক সময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল। নিয়মিত শিকার করার কারণে এখন গন্ডার বিলুপ্ত হয়ে গেছে। ০৩। প্রশ্ন : বাংলাদেশে কোন অঞ্চলে হাতি দেখা যায়? উত্তর : বাংলাদেশে হাতি যে অঞ্চলে দেখা যায়: হাতি বাংলাদেশে একটি পরিচিত প্রাণী। এক সময় সুন্দরবনে প্রচুর হাতির দেখা পাওয়া যেত। কিন্তু শিকারির হাতে নিয়মিত হাতি মারা পড়ায় সুন্দরবনের হাতি বিলুপ্ত হয়েছে। সুন্দরবনের হাতি বিলুপ্ত হলেও বর্তমানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হাতির দেখা পাওয়া যায়। ০৪। প্রশ্ন : শকুন কীভাবে মানুষের উপকার করে? উত্তর : শকুন বাংলাদেশের বিলুপ্তপ্রায় এক প্রকারের পাখি। এটি আকারে অনেক বড়। এরা পাহাড়ী অঞ্চলে বসবাস করে। নানাভাবে আমাদের পরিবেশ দূষিত হয়। যেমন: ময়লা, আবর্জনা, জীব-জন্তুর মৃতদেহ প্রভৃতি কারণে পরিবেশ নোংরা হয়। এসব মৃতদেহ পচে পরিবেশে জীবাণু ছড়ায়, যা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শকুন এসব ক্ষতিকর আবর্জনা খেয়ে জীবন ধারণ করে। ফলে পরিবেশ দূষণ হতে রক্ষা পায়। মানুষও রক্ষা পায় বিভিন্ন রোগ থেকে। এভাবেই শকুন মানুষের উপকার করে। শকুন আমাদের দেশের এক প্রকার উপকারী পাখি। ০৫। প্রশ্ন :প্রাণিজগতের জীবজন্তুর সংখ্যা কমে যাওয়ার কারণ কী? বুঝিয়ে লেখ। উত্তর : এ পৃথিবীতে প্রাণিজগত্ সত্যিই বড় বিচিত্র। প্রাণিজগতের বিস্ময়কর জীবজন্তুর সংখ্যা বিভিন্ন কারণে দিনে দিনে কমে যাচ্ছে। তাদের কিছু প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এর প্রধান কারণ হলো নির্বিচারে শিকার, প্রাকৃতিক বিপর্যয়, বনাঞ্চলে মানুষের অনুপ্রবেশ প্রভৃতি। গন্ডার, বুনোমোষ, বুনো গরু ছাড়াও মিঠা পানির কুমির, রাজশুকুন, সোনালি বিড়াল প্রভৃতি প্রাণী এখন বিলুপ্তপ্রায়। বিলুপ্ত প্রাণী আমাদের দেশের সম্পদ আমরা তাদের রক্ষা করব। দেশের প্রাণ বাঁচাব। ০৬। প্রশ্ন : জীববৈচিত্র্য রক্ষার ৫টি উপায় লেখ। উত্তর: বিচিত্র রকমের জীবের উপস্থিতির কারণেই পৃথিবী এত সুন্দর। জীববৈচিত্র্য রক্ষার ৫টি উপায় নিচে উল্লেখ করা হলো— বন্যপ্রাণী নির্বিচারে শিকার করা যাবে না। বনের বৃক্ষগুলো না কেটে প্রাণীদের জন্য অভয়ারণ্য গড়ে তুলতে হবে। বনাঞ্চলে যেকোনো মানুষের অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। সরকারের পাশাপাশি সাধারণ জনগণের সজাগ দৃষ্টি রাখতে হবে। ০৭। প্রশ্ন : সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা কমে যাওয়ার কারণ ব্যাখ্যা কর। উত্তর : বাংলাদেশের জন্য বিধাতার এক অপূর্ব দান হলো সুন্দরবন। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্য জড়িত। কমে যাওয়ার কারণ: মানুষ অসচেতনভাবে বন কেটে উজাড় করছে। গাছপালা পর্যাপ্ত না থাকায় প্রাণীদের বিচরণক্ষেত্র সংকুচিত হচ্ছে। ফলে জীববৈচিত্র্য ক্রমান্বয়ে ধ্বংস হচ্ছে। একইভাবে বিপর্যয় ও মনুষ্য সৃষ্ট কারণে সুন্দরবন দিন দিন উজাড় হয়ে যাচ্ছে।