গোটা দুনিয়ার মানুষের কাছে তামাকের পরিচিতি মূলত মাদক কেন্দ্রিক। আর তাই নানা সময়ে বিশ্বের অনেক দেশেই পরিবেশবাদীরা তামাক চাষের বিরোধীতা করে এসেছেন। যদিও স্রেফ মাদক হিসেবে ব্যবহূত হবার বাইরে তামাক জাতীয় গাছের অন্য কোনো গুনও যে থাকতে পারে এবার সেটি প্রমাণের দ্বারপ্রান্তেই দাঁড়িয়ে আছে আমেরিকার খ্যাতনামা বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং ও দক্ষিণ আফ্রিকার বিমান সংস্থা সাউথ আফ্রিকান এয়ারওয়েজ। মূলত বিমানের জন্য বিকল্প জ্বালানীর সন্ধান এবং কার্বন নিঃসরণ কমানো নিয়ে গবেষণা করতে গিয়েই এ দু’টি প্রতিষ্ঠানের উদ্যোগে সম্প্রতি বিশেষ এক ধরনের হাইব্রিড তামাক থেকে জেট ফুয়েল উত্পাদনের ঘোষণা দেওয়া হয়েছে। বোয়িং ও সাউথ আফ্রিকান এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, সোলারিস জাতের এই হাইব্রিড তামাক গাছ থেকে জেট ফুয়েল উত্পাদনের লক্ষ্যে ইতোমধ্যেই স্কাইএনআরজি নামের একটি বিকল্প জ্বালানী প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। বর্তমানে পরীক্ষামূলক ভাবে দক্ষিণ আফ্রিকার কৃষকদের সহায়তায় নিকোটিন মুক্ত এই তামাকের চাষও শুরু হয়েছে যা থেকে আগামী কয়েক বছরের মধ্যেই পাওয়া যাবে উন্নত মানের জেট ফুয়েল। এ প্রসঙ্গে সাউথ আফ্রিকান এয়ারওয়েজের পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞ ইয়ান ক্রুইকশ্যাঙ্ক জানান, ‘এ ধরনের হাইব্রিড তামাক চাষের মাধ্যমে আমরা দক্ষিণ আফ্রিকার তামাক চাষীদের জ্ঞান বাড়াতে পারবো যার সহায়তায় তারা ধূমপানকে উত্সাহিত না করে বরং বাণিজ্যিকভাবে বায়োফুয়েল শস্য উত্পাদন করতে সক্ষম হবেন।’ অন্যদিকে বোয়িং এর মুখপাত্র জেসিকা কোয়াল জানিয়েছেন, যেসব অঞ্চলে বহুদিন থেকেই প্রথাগত তামাক চাষ হয়ে আসছে সেসব অঞ্চল বিশেষ করে আফ্রিকা, দক্ষিণ ও মধ্য ইউরোপ, এশিয়া, ওশেনিয়া ও ল্যাটিন আমেরিকার দেশগুলো এর মাধ্যমে অর্থনৈতিকভাবেও অনেক লাভবান হবে।
