‘আমাদের জীবন বৈচিত্র্যে ভরা। আমরা যে হাতে কলম চালাব সেই হাতেই আবার লাঙ্গল চালানোর যোগ্যতা রাখি। বিএনসিসি আমাকে সকল ধরনের কাজের যোগ্যতা গড়তে সাহায্য করেছে।’ বলছিলেন বিএনসিসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেট ফজলে শাহরিয়ার। জ্ঞান, শৃংখলা ও একতা এই তিন মূল মন্ত্রে উদ্বুদ্ধ করে দেশের যুব সমাজ তথা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে লেখা পড়ার পাশাপাশি সামরিক প্রশিক্ষনের মাধ্যমে দ্বিতীয় সারির প্রতিরক্ষা বাহিনী হিসেবে গড়ে তোলা এবং নৈতিক বিকাশের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর (বিএনসিসি) প্রতিষ্ঠা করা হয়।
বিশ্ববিদ্যালয় বা কলেজের সাধারন শিক্ষার্থীর কাছে যা আশা করা যায় না তা নিশ্চিন্তে শুধু আশাই না, দাবি করা যায় বিএনসিসি’র এক জন ক্যাডেট এর কাছে। সোনাকে যত আগুনে ঝলসানো হবে হবে সোনা তত খাঁটি হবে, তেমনি বিএনসিসি’র একজন ক্যাডেটকে নৈতিকতার মূল্যবোধ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ঝলসিয়ে খাঁটি করা হয়।
