তোমাদের জন্য লেখা

জাতির জনক তাঁর সারা জীবন

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ১৯:৪৭
পনেরোই আগস্ট জাতীয় শোকদিবস। ১৯৭৫ খ্রিস্টাব্দের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর নিজ বাসভবনে একদল নরঘাতকের হাতে সপরিবারে প্রাণ হারান। বঙ্গবন্ধু বাঙালির প্রিয় মানুষ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান। শৈশব-কৈশোর থেকেই তিনি বাঙালির মুক্তির স্বপ্ন দেখেছিলেন। তাঁর আজীবন সংগ্রামের ফলে বাংলাদেশের অভ্যুদয়। বঙ্গবন্ধু ছিলেন শিশুপ্রিয় মানুষ। ছোটদের তিনি ভীষণ ভালোবাসতেন। কচি-কাঁচার আসর, মেলা, শিশু সংগঠন খেলাঘরের অনেক অনুষ্ঠানে তিনি যোগদান করেছেন। তাঁর সংগ্রামী জীবন নানা ঘটনায় উজ্জ্বল। সারা জীবনই তিনি তখনকার শাসক পাকিস্তানি সরকারের বিরুদ্ধে লড়েছেন। জীবনের চৌদ্দটি বছর তাকে জেলখানায় থাকতে হয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় ফাঁসির আদেশ দেয়া হয়েছিলো। তাঁরই আহ্বানে সাড়া দিয়ে নির্যাতিত-নিপীড়িত বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। তিনিই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তার সংগ্রামী জীবন ও আগস্টের শোকাবহ ঘটনা নিয়ে হাজার হাজার বই লেখা হয়েছে। ছোটদের জন্য রচিত হয়েছে শত শত বই। এসব বই জীবনী, গল্প, প্রবন্ধ, ছড়া, কবিতা, গান, নাটক ও ছবির। আলোচ্য বইটি বাংলাদেশ শিশু একাডেমী থেকে প্রকাশিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু গ্রন্থমালা সিরিজের একনম্বর বই। ২০১৩ খ্রিস্টাব্দের ৩১ মার্চের মধ্যে এই সিরিজে বঙ্গবন্ধুকে নিয়ে ২৫টি বই প্রকাশের কাজ সুচারুভাবে সম্পন্ন হয়। বইগুলোর সম্পাদনাকারীদের সভাপতি ছিলেন প্রখ্যাত শিল্পী হাশেম খান। সদস্যরা হলেন: সেলিনা হোসেন, মুনতাসীর মামুন, সুব্রত বড়ুয়া ও শাহজাহান কিবরিয়া। ব্যবস্থাপনায় ছিলেন ঐ সময়ের শিশু একাডেমীর পরিচালক ফালগুনী হামিদ এবং সমন্বয়কারী সুজন বড়ুয়া। আলোচ্য বইটিতে বঙ্গবন্ধুর সারা জীবনের নানা ঘটনা দেশের নামজাদা লেখকবৃন্দ বর্ণনা করেছেন। প্রবন্ধ, কবিতা, ছড়া, স্মৃতিকথা, গল্প, নাটিকা, ভাষণ, উদ্ধৃতি ও আলোকচিত্রে তাঁর জীবনের অনেক কথা তুলে ধরা হয়েছে। ৪৪৮ পৃষ্ঠার এই বইটির অনেক রচনাই বহুরঙা। আর যাঁরা লিখেছেন তাদের মধ্যে প্রবন্ধে শওকত ওসমান, রোকনুজ্জামান খান, শামসুর রাহমান, কে.এম. সোবহান, মুস্তাফা নূরউল ইসলাম, আবুল মাল আব্দুল মুহিত, আব্দুল গাফফার চৌধুরী, আমিনুজ্জামান, বেলাল চৌধুরী, মোহাম্মদ ফরাসউদ্দিন, .সিরাজউদ্দীন আহমেদ, শফিউল আলম, বেলাল মোহাম্মদ, ওবায়দুল কাদের, সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন, আনোয়ারা সৈয়দ হক, বেবী মওদুদ, মুনতাসীর মামুন, আবুল মোমেন, রশীদ হায়দার, ড. মোহাম্মদ হাননান. স্বদেশ রায়, শাহরিয়ার কবির ও আমিনুল ইসলাম বেদু। কবিতা ও ছড়ায়— অন্নদাশঙ্কর রায়, জসীমউদদীন, সুফিয়া কামাল, সিকান্দার আবু জাফর, রণেশ দাশগুপ্ত, সৈয়দ শামসুল হক, মযহারুল ইসলাম, জিল্লুর রহমান সিদ্দিকী, নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, মুহম্মদ নূরুল হুদা, রফিক আজাদ, শিহাব সরকার, অসীম সাহা, আলম তালুকদার, আসলাম সানী, সুজন বড়ুয়া, ফারুক নওয়াজ, আশরাফুল আলম পিন্টু, শফিকুর রাহী, আলী হাবিব, জাহাঙ্গীর আলম জাহান, স্মৃতিকথায় সুফিয়া কামাল, সানজীদা খাতুন, কবীর চৌধুরী, শেখ হাসিনা, শাহ. এ.এম.এস. কিবরিয়া, জাওয়াদুল করিম, শেখ রেহানা, শাহরিয়ার ইকবাল, রফিকুন নবী, শামসুজ্জামান খান, এ.এফ.এম. মুহিতুল ইসরাম, মাহবুব তালুকদার, সেলিনা হোসেন, ম. হামিদ, হাশেম খান, মমিনুল হক খোকা, গল্পে— বুলবন ওসমান, রাহাত খান, আমীরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, ফয়সাল শাহ, মুস্তাফা মাসুদ, মনি হায়দার, আফরোজা পারভীন, মাহবুব রেজা, নাটিকায়- বেগম মমতাজ হোসেন, উদ্ধৃতি অংশে— ড. সালাহউদ্দীন আহমদ, সরদার ফজলুল করিম, অমর্ত্য সেন, অধ্যাপক আবদুর রাজ্জাক, ফিদেল কাস্ট্রো, জ্যোতিবসু, প্রেমেন্দ্র মিত্র, ড. শরিফুল ইসলাম চৌধুরী, লর্ড ব্রকউয়ে, দক্ষিণারঞ্জন বসু, শেখ রেহানা, ড. আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, মেজর রফিক-উল ইসলাম, নচিকেতা ভরদ্বাজ প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখ্য। আলোচ্য বইটির নকশা ও প্রচ্ছদ এঁকেছেন: শিল্পী হাশেম খান। ভেতরের অলঙ্করণ করেছেন: রফিকুন নবী, আজিজুর রহমান, শেখ আফজাল, সোহাগ পারভেজ প্রমুখ। ছোটদের কাছে এই বইটি ইতোমধ্যেই বিপুলভাবে সমাদৃত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও কর্মজীবনকে নিয়ে এই চমত্কার ও অপূর্ব বইটি ছোটদের পাশাপাশি বড়োরা পড়েও উপকৃত হবেন। খালেক বিন জয়েনউদদীন