পিরোজপুরের জিয়ানগরের বলেশ্বর নদের একটি ফেরির জন্য সুন্দরবনের সাথে পিরোজপুর ও বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত ১৭ জুন পিরোজপুর-জিয়ানগর-সন্নাসী সড়কে নতুন বাস লাইন চালু হলেও বলেশ্বর নদের কলারণ-সন্ন্যাসী পয়েন্টে ফেরি না থাকায় মোড়েলগঞ্জ, শরণখোলা ও সুন্দরবনসহ দক্ষিণাঞ্চলের সাথে সরাসরি সড়ক পথের যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।
২০০৬ সালে ৪ দলীয় জোট সরকারের শাসনামলে কলারণ-সন্ন্যাসী ফেরিটি চালু হয়। শুধু উদ্বোধনের দিনই ফেরিটি একবারের জন্য চলাচল করেছিল। পরে সিডরের আঘাতে ফেরির পন্টুন ও ঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ফেরিটি চালুর বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফেরিটি চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। তেমনি বঙ্গোপসাগরে জেলেদের ধরা মাছ ও বনজসম্পদসহ বিভিন্ন কাঁচামাল সরাসরি সড়ক পথে পরিবহন করা সম্ভব হবে।
জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী জানান, দুই উপজেলার মধ্যে সংযোগ স্থাপনের জন্য কলারণ-সন্ন্যাসী ফেরিটি চালুর জন্য চেষ্টা চলছে। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
