সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে পৃথক অভিযানে হরিণের চামড়া, ১২ কেজি মাংস, ফাঁদ, ১৬ বোতল বিষ ও ২টি ট্রলারসহ ১৩ চোরা শিকারীকে আটক করেছে সুন্দরবন বিভাগ ও কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার ভোর রাতে ধাবড়ী খাল ও সোমবার সন্ধ্যায় ডিমের চর, পক্ষিদিয়ার চরে অভিযান চালিয়ে এসব চোরা শিকারীকে আটক করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন ধাবড়ী খালে অভিযান চালিয়ে অবৈধভাবে হরিণ ও মাছ শিকারে ব্যবহূত বিষসহ ৩টি নৌকাসহ ৪ চোরা শিকারীকে আটক করা হয়। এসময়ে অন্য ১০-১২ জন চোরা শিকারী সাঁতরে পালিয়ে যায়।
অন্যদিকে সোমবার সন্ধ্যায় একই রেঞ্জের ডিমেরচর ও পক্ষিদিয়ার চর এলাকায় অভিযান চালায় বনরক্ষীরা ও কোস্টর্গাড। এসময় হরিণের গোস্তসহ এক শিকারী বনের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হলেও হরিণ ধরা দেড়’শ ফুট ফাঁদ জাল, একটি হরিণের চামড়া, ১২ কেজি গোস্তসহ একটি হরিণের মাথা ও ২টি ট্রলারসহ ৯ চোরা শিকারীকে আটক করা হয়। মঙ্গলবার ভোরে আটককৃতরা হলো— মো: মিন্টু গাজী (২৫), নুরুল হক সরদার (২৫), বাবুল গাজী (২২) ও মো: ফারুক ইসলাম (২৫)। এদের বাড়ি খুলনার কয়রা উপজেলার বিভিন্ন গ্রামে।
