সুনামগঞ্জে ৪ সহোদরসহ পাঁচজনের যাবজ্জীবন

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২১:৩৪
সুনামগঞ্জে তাজুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় ৪ সহোদরসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলার দিরাইয়ের বাকেরবন্দ হাওরে চাঞ্চল্যকর তাজুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, ‘দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের ললুয়ারচর গ্রামের আজগর আলীর পুত্র আলী উসমান, জিলানী, আলী আহমদ ও আলী আমজদ এবং একই গ্রামের শুকুর আলীর পুত্র রুহুল আমিন। দণ্ডপ্রাপ্ত ৫ জনের মধ্যে ৪ জন কারাগারে আটক থাকলেও পলাতক আছেন জিলানী। এছাড়া তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়। আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর দিরাই উপজেলার চরনাচর ইউনিয়নের ললুয়ারচর গ্রামের পাশের বাকেরবন্দ হাওরে একই গ্রামের আজগর আলীর পুত্র আলী উসমান, জিলানী, আলী আহমদ ও আলী আমজদ এবং শুকুর আলীর পুত্র রুহুল একই গ্রামের আমিন রাজু খানের পুত্র তাজুল ইসলামকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে। এঘটনায় পরদিন দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত তাজুল ইসলামের চাচা আরজান খান। পরে মামলাটি দায়রা জজ আদালতে স্থানান্তর হয়। পুলিশ দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার ঘটনার সাথে জড়িত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন।