রাজশাহীতে মাদকাসক্ত চার ছেলেকে পুলিশে দিয়েছেন তাদের বাবা-মা। গতকাল মঙ্গলবার তাদের বাঘা থানায় হস্তান্তর করা হয়। পরে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হালদারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তাদের জেলহাজতে পাঠানো হয়। দণ্ডিতরা হলেন, বাঘা আড়ানি পৌরসভার নুরনগর মহল্লার রাজা মিয়ার দুই ছেলে রনি আহম্মেদ ও রুবেল আলী এবং একই মহল্লার রাব্বেল আলীর দুই ছেলে রুবেল হোসেন ও জুয়েল হোসেন। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকাসক্তির কারণে সমপ্রতি ওই চার ব্যক্তির পরিবারে অশান্তির সৃষ্টি হয়। ওই পথ থেকে ফেরাতে ব্যর্থ হয়ে অভিভাবকরা তাদের পুলিশের হাতে তুলে দেয়।
