দেশের বিভিন্নস্থানে পৃথক ঘটনায় পাঁচজন খুন হওয়ার সংবাদ পাঠিয়েছে ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতারা।
নোয়াখালীর সুবর্ণচরে যুবক খুন
নোয়াখালী \ পারিবারিক বিরোধের জের ধরে শ্যালক মোঃ ইস্রাফিল সুমনকে খুন করতে এসে ভগ্নিপতির নুরুল হকের হাতে খুন হয়েছে শ্যালকের এক বন্ধু মোঃ জসিম (২২)। সোমবার রাতে সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামে এ ঘটনা ঘটে। ওসি এনামুল করিম জানান, রুহুল আমিনের মেয়ে রেনু বেগমের সাথে একই গ্রামের সিরাজুল ইসলামের পুত্র নুরুল হকের বিয়ে হয়। নুরুল হক যৌতুক ও সম্পত্তির দাবিতে রেনু বেগমকে প্রায়ই মারধর করতো। ঘটনার সময় সুমন তার বাড়ির সামনে আগে ও তার বন্ধু জসিম পিছনে হাঁটছিলেন। পূর্বে ওত্ পেতে থাকা নুরুল হক ও তার সহযোগী আবুল হোসেন অন্ধকারের মধ্যে সুমনকে মনে করে জসিমের পেটে চুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করার পর সে মারা যায়।
দুই যুবকের লাশ উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় পাহাড়ী জঙ্গলে হাত, পা ও গলা কাটা দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- মো: ইলিয়াছ (২৮) পিতা আবদুল মাবুদ ও মো: আবদুর রহিম (২৮) পিতা আবদুল মোনাফ। উভয় গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়বিল গ্রামের বাসিন্দা। রবিবার রাতে কে বা কারা তাদের জবাই করে হত্যা করেছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে
যুবকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের শাহজামাল (৩৫) এর লাশ গতকাল মঙ্গলবার সকালে তিতাস নদী থেকে উদ্ধার করা হয়। পরে পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই ওই দিন তার লাশ দাফন করে। এ ঘটনায় চেয়ারম্যান মেম্বার ৩ লক্ষ ৫০ হাজার টাকায় বিষয়টি রফাদফা করেছে।
সোমবার তিতাস নদীতে জালশুকা গ্রামের লালু মিয়ার ছেলে ৪ সন্তানের জনক শাহজামাল মাছ ধরতে গেলে বালি বোঝাই একটি ট্রলারের সাথে ধাক্কা লেগে সেসহ নৌকাটি ডুবে যায়। পরে গতকাল মঙ্গলবার তার লাশ তিতাস নদীতে ভেসে উঠলে পরিবারের লোকজন তাড়াহুড়ো করে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবদুল খালেক বলেন, শাহজামালের পরিবার হতদরিদ্র হওয়ার কারণে ময়না তদন্ত ছাড়া তার লাশ দাফন করা হয়েছে।
শিবগঞ্জে ভাবীকে পিটিয়ে হত্যা
শিবগঞ্জে দেবর কর্তৃক ভাবীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার সাহানবান্ধা গ্রামের মোহাঃ একরামুলের স্ত্রী মোসাম্মত্ গোলাপী বেগমের সাথে পারিবারিক কলহের জের ধরে তার ননদের সাথে ঝগড়া হয়। এর জের ধরে রাত সাড়ে এগারোটার দিকে গোলাপী মোহাঃ একরামুলের চাচাতো ভাইয়েরা গোলাপীকে পিটালে ঘটনাস্থলে মারা যায়। এ সময় গোলাপীর স্বামী প্রতিবাদ করায় তাকে লাঞ্ছিত করে।
