নাইক্ষ্যংছড়ি এক চিকিত্সকের বিরুদ্ধে উপজাতিদের ভূমি দখলের অভিযোগ উঠেছে। নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৬৯ নং সোনাইছড়ি মৌজায় ইতিমধ্যেই প্রায় শত একর ভূমি ঐ চিকিত্সক ও তার স্ত্রীর নামে দখল করে নিয়েছেন এমন অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ বরাবরে লিখিত অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহান মার্মা ভূমি দখলের সত্যতা স্বীকার করেছেন।
অভিযোগে স্থানীয় বাসিন্দারা উল্লে¬খ করেছেন, ডা. কালীপদ দাশ (কেপি দাশ) ও তার স্ত্রী পান্না দাশ পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা না হওয়া সত্ত্বেও নিজেদের তথ্য গোপন করে সোনাইছড়ি মৌজায় প্রায় শত একর জুম্ম ভূমি দখল করেছেন। বর্তমানে এসব দখলকৃত জায়গায় বাগান সৃজনের কাজ চলছে।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা মংথোয়াইংচিং মার্মা, ক্যচাথোয়াই মার্মা, মংবাচিং মার্মা জানান, ডাক্তার কেপি দাশ ভয়ভীতি দেখিয়ে এলাকার অনেকের ভূমি দখল করে নিয়েছেন। তারা এসব কর্মকাণ্ডে বাধা দেয়ায় ২০১৩ সালের মে মাসে হয়রানিমূলক মামলা দায়ের করেছে।
জমি দখলের বিষয়ে ডাক্তার কালীপদ দাশের (প্রকাশ কেপি দাশ) সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সোনাইছড়ি ইউনিয়নে অবৈধভাবে কারো জমি তিনি দখল করেননি। তবে ক্রয়সূত্রে তার বৈধ জায়গা রয়েছে সেখানে। মামলার বিষয়ে তিনি বলেন, তার বাগানে গাছ কাটার কারণে তিনি কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।
