হাজীগঞ্জ ডিগ্রি কলেজে অতিরিক্ত দেড়শ শিক্ষার্থীর ভবিষ্যত্ অনিশ্চিত

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২১:৩৭
চাঁদপুরের হাজীগঞ্জে ডিগ্রি কলেজের প্রথম বর্ষে নির্দিষ্ট আসনের চেয়ে অতিরিক্ত দেড়শ শিক্ষার্থী ভর্তি করা হয়েছে; কিন্তু শিক্ষা বোর্ড অনুমতি না দেয়ায় এদের ভবিষ্যত্ শিক্ষা জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ডিগ্রি কলেজের অফিস সহকারী জামাল উদ্দিন জানান, তারা মানবিক বিভাগে ৩০০, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৫০ এবং বিজ্ঞান বিভাগে ১৯২ জনসহ সর্বমোট ৮৪২ শিক্ষার্থী ভর্তি করেছে। অথচ ৩টি বিভাগে তাদের আসন সংখ্যা ১৫০ করে ৪৫০। অর্থাত্ কলেজ কর্তৃপক্ষ তাদের আসনের অতিরিক্ত ৩৯২ শিক্ষার্থী ভর্তি করেছে। এর বাইরেও তারা অতিরিক্ত আরো ১৫০ শিক্ষার্থীকে কলেজে ভর্তি করে পাঠ দান চালাচ্ছে। এখন পর্যন্ত বোর্ড থেকে তাদের ভর্তির অনুমতি মেলেনি। উপজেলার বিভিন্ন কলেজ সূত্রে জানা গেছে, ২২ জুলাই কলেজে ভর্তির স্বাভাবিক নিয়ম শেষ হয়েছে। এখন বিশেষ অনুমতির মাধ্যমে কিছু কিছু শিক্ষার্থী ভর্তি হচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে কুমিল¬া শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইন্দ্র ভূষণ ভৌমিক জানান, ইতিমধ্যে হাজীগঞ্জ ডিগ্রি কলেজকে আসনের অতিরিক্ত অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ দেয়া হয়েছে। এখন আর একজনকেও ভর্তির অনুমতি দেয়া হবে না। কলেজে অতিরিক্ত ১৫০ শিক্ষার্থী ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনে এদের অন্য কলেজে রেজিস্ট্রেশন করে পড়ার ব্যবস্থা করা হবে। কারণ হাজীগঞ্জে দুইটি কলেজে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির কারণে মফস্বল এলাকার কলেজগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিগ্রি কলেজে ভর্তি হওয়া একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, কলেজ কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে তাদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। আমরা আশপাশের কলেজগুলোতে ভর্তির জন্য যোগাযোগ করলে তারা আমাদের কাছে দ্বিগুণ টাকা দাবি করছে। এ ব্যাপারে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির কান্তি রায় বলেন, ১৫০ শিক্ষার্থীর ভর্তির অনুমতি দেয়ার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে বোর্ডে আবেদন করা হবে।