সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি নিয়ে রাজনীতি না করার আহ্বান

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২১:৩৮
মহানায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়ি নিয়ে যেন কোনো রাজনীতি না হয়, বিভক্তি তৈরি না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মানবাধিকার সংগঠক ও হিউম্যান রাইটস এ্যান্ড পীস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ। প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি দখলমুক্ত করে সরকারের দখলে নেয়ার বিষয় নিয়ে গতকাল মঙ্গলবার পাবনায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আহবান জানানো হয়। পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ দুপুরে জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে এই সভার আয়োজন করে। পরিষদের সভাপতি জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকি, প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন প্রমুখ।