বিয়ে বাড়ির খাবার খেয়ে রংপুরের গঙ্গাচড়ায় প্রায় দেড় শতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত এদের অনেকেই হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনাটি ঘটেছে উপজেলার মর্নেয়া ইউনিয়নের আলমা বাজার এলাকায় গত শনিবার রাতে।
জানা যায়, ২ মাস আগে হাবু গ্রামের জমসেদ আলীর ছেলে আশেকুল ইসলামের সাথে আলমা বাজার এলাকার আব্দুস সালামের মেয়ে চুমকি খাতুনের বিয়ে হয়। গত শনিবার এলাকার প্রায় দেড়’শ বরযাত্রী মেয়ের বাড়িতে যায়।
রাতে খাবাবের পর রবিবার থেকে শুরু হয় পাতলা পায়খানা ও বমি। স্থানীয়ভাবে এসব রোগীর চিকিত্সা করা হচ্ছে। গতকাল পর্যন্ত অনেকেই স্থানীয় কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালে চিকিত্সা নিতে দেখা গেছে । অনেককে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
বরের বাবা জমসেদ আলী জানান, হাবু এলাকার দেড়’শ যাত্রীর প্রায় সবাই আক্রান্ত হয়েছে। শুধু পাতলা পায়খানা আর বমি। মিথিলা বেগমকে গঙ্গাচড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সব বয়সের লোকই আক্রান্ত হয়েছে। তিনি আরও বলেন, বেয়াইয়ের বাড়িতেও অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
