অ্যাটলেটিকোয় ফিরতে চান ফ্যালকাও

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:১৬

মোনাকো স্ট্রাইকার র্যাদামেল ফ্যালকাও অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরতে চান। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে সাবেক ক্লাবের বিরুদ্ধে ৮৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এবং একটি পেনাল্টি মারার সুযোগ পেলেও বল জালে পাঠাতে পারেননি। খেলায় অ্যাটলেটিকো ২-০ গোলে জয়ী হয় এবং মোনাকো ‘এ’ গ্রুপে সর্বনিম্ন  দল হিসেবে খেলা শেষ করলো। কলম্বিয়া স্ট্রাইকারটি এর আগে অ্যাটলেটিকোর হয়ে দুই মৌসুম খেলে ৯১ ম্যাচে ৭০ গোল করেছিলেন। চলতি মৌসুম শেষে মোনাকোর সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাবে। সে জন্যই আবার পুরনো ক্লাবে ফেরার দরজা খোলা রেখেছেন তিনি। ফ্যালকাও বলেন, ‘ভবিষ্যতের ব্যাপারে আমরা কিছুই জানি না। অবশ্যই অ্যাটলেটিকো মাদ্রিদ সবসময়েই আমার হূদয়ে আছে। আমি জানি না মোনাকোতে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর কি ঘটবে। আমি সবসময়েই অ্যাটলেটিকো মাদ্রিদকে সমর্থন করে যাব।’