বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ আয়োজনের আশ্বাস দিয়েছেন বিসিবি পর্যবেক্ষক দল। আগেই বিসিবি সূচি ঘোষণা করলেও খুলনার মানুষের দাবি ও ক্রীড়া সংগঠকদের তত্পরতায় সূচিতে পরিবর্তন এনে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য খুলনাকে বিবেচনা করছে বিসিবি। আর টেস্ট ম্যাচের সম্ভাব্যতা যাচাই করতে শেখ আবু নাসের স্টেডিয়াম পরিদর্শন করেছেন বিসিবির পর্যবেক্ষক দল। গতকাল মঙ্গলবার সকালে খুলনার আবাসন, ভেন্যুর সুযোগ-সুবিধা ও যাতায়াত ব্যবস্থা পর্যবেক্ষণ করেন তারা। পর্যবেক্ষণ শেষে খুলনায় টেস্ট ম্যাচ হবে এমন আশ্বাসও দিয়েছেন পর্যবেক্ষক দলটি। ঢাকায় ফিরে রিপোর্ট দেয়ার ভিত্তিতে সূচিতে চূড়ান্ত ভাবে খুলনার নাম দেয়া হবে বলেও জানান তারা।
এ বিষয়ে বিসিবি পরিচালক ও খুলনা বিভাগীয় প্রতিনিধি শেখ সোহেল বলেন, ‘খুলনায় ম্যাচ চালানোর মতো সব সুযোগই আছে, আবাসন ব্যবস্থার উন্নতি হয়েছে। যাতায়াত ব্যবস্থার সংস্কারের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন যে, খুলনা-যশোর মহাসড়কের বেহালও খুব শিগগিরই ঠিক হয়ে যাবে।
বিসিবির গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন বলেন, ‘পর্যবেক্ষণে আমরা সন্তুষ্ট। অল্প কিছু সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে। যেগুলো ম্যাচের আগেই ঠিক হয়ে যাবে। সুতরাং খুলনায় টেস্ট ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি।’
পর্যবেক্ষক দলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও খুলনা বিভাগীয় প্রতিনিধি শেখ সোহেল, গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন, মিডিয়া কমিটির ম্যানেজার রাবীদ ইমাম, নিরাপত্তা বিভাগের প্রধান মেজর ইমাম প্রমুখ।
