ভারতের কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী অভিযোগ করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর দেশে সামপ্রদায়িক সহিংসতা বাড়ছে। তিনি বলেন, এর মাধ্যমে মোদী সরকার সমাজকে ধর্মীয় ভিত্তিতে বিভক্ত করার চেষ্টা করছেন। বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রথম সরকার নিয়ে কোনো মন্তব্য করলেন সোনিয়া। তিনি ফিলিস্তিন ইস্যুতে মোদীর সরকারের ভূমিকারও সমালোচনা করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কেরালা রাজ্যে দলের এক সম্মেলনে গতকাল মঙ্গলবার সোনিয়া গান্ধী বলেন, উত্তরপ্রদেশ এবং মাহারাষ্ট্রসহ বিভিন্ন স্থানে যেভাবে সামপ্রদায়িক সহিংসতা বাড়ছে তা খুবই উদ্বেগের। মাত্র কয়েকদিন আগে কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী অভিযোগ করেন, নির্বাচনের আগে উত্তরপ্রদেশের সামপ্রদায়িক সহিংসতা ছিল সাজানো। সোনিয়া গান্ধী বলেন, মাত্র ১১ সপ্তাহ ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এর মধ্যেই উত্তরপ্রদেশে ৬শত’র বেশি সামপ্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। একইভাবে ঘটেছে মহারাষ্ট্রেও। অথচ কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) ক্ষমতায় থাকাকালে খুব কমই এধরনের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ফিলিস্তিনের নাগরিকদের প্রতি যথাযথ সহানুভূতিও জানানো হয়নি। অথচ এটা করা ভারতের ঐতিহ্য। সরকার পার্লামেন্টেও দু:খ প্রকাশ সংক্রান্ত কোনো প্রস্তাব দেয়নি। ভারত চায় দুটি রাষ্ট্রের নাগরিকরাই শান্তিপূর্ণভাবে বসবাস করুক, বলেন সোনিয়া।
