মিয়ানমারের নেপিডোতে আসিয়ান রিজোনাল ফোরামের (এআরএফ) বৈঠকের সাইডলাইনে গত রবিবার যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক পৃথক সাক্ষাত্ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এক অনানুষ্ঠানিক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ সফরে আসার জন্য তার আগ্রহের কথা মাহমুদ আলীর কাছে ব্যক্ত করেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার কথা পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশ-চীনের মধ্যে চমত্কার সম্পর্ক বিরাজ করায় সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে সফল বলেও মন্তব্য করেছেন তিনি। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার-অর্থনৈতিক সহযোগিতা (বিসিআইএম) নিয়ে আলোচনা হয়।
