অল্পের জন্য রক্ষা পেল ইউনাইটেড এয়ারওয়েজের বিমান

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২২:৫৫
মাঝ আকাশে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমান। ওমানের রাজধানী মাস্কট থেকে ১৪৮ জন যাত্রী নিয়ে ভারতের জামশেদপুরের ওপর দিয়ে ঢাকার দিকে আসার সময় অল্পের জন্য সৌদি এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে সংঘর্ষ থেকে বেঁচে যায় বিমানটি। খবর এনডিটিভি। ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষ ও তাদের বৈমানিকের অভিযোগ, ভুলটি ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলের। বিমানটির ক্যাপ্টেন আরিফুল ইসলাম জানান, গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ২৭০ মাইল দূরে ৩৩ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে তাকে ২৯ হাজার ফুট উচ্চতায় নেমে আসতে বলা হয়। কিন্তু তা করতে গেলে উড়োজাহাজের ‘ট্রাফিক কলিশন অ্যাভয়ডেন্স সিসটেম’ তাকে জানায়, ৩২ হাজার ফুট উচ্চতায় আরেকটি বিমান এগিয়ে আসছে। আরিফুল বলেন, আকাশে মেঘ ছিল না। তিনি স্পষ্ট দেখতে পান, আরেকটি বিমান তার দিকেই এগিয়ে আসছে। বিষয়টি তাত্ক্ষণিকভাবে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়ে নিজের উড়োজাহাজ আবার ৩৩ হাজার ফুট উচ্চতায় তুলে নেন ক্যাপ্টেন আরিফুল। এ বিষয়ে লিখিত অভিযোগ করবেন জানিয়ে তিনি বলেন, তাদের নিশ্চয়ই কোনো ভুল হয়েছিল। কন্ট্রোল রুমের সাথে আমার সব কথাবার্তার রেকর্ড আছে। চাইলে তারা সেটা পরীক্ষা করতে পারে। তবে কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা বলছেন, একটি উড়োজাহাজের পাইলট তাদের বার্তা বুঝতে না পারায় এই দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল।এ ঘটনার পর ভারতের জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের পূর্বাঞ্চলীয় নির্বাহী পরিচালক এস ভাদুড়ি বলেন, কার ভুলে এই দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত হচ্ছে। বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তা সুভাষ বসু জানান, আকাশপথে ওপরে ও নিচ দিয়ে চলা দুটি বিমানের মধ্যে অন্তত এক হাজার ফুট ব্যবধান রাখার নিয়ম। কিন্তু ওই সময় ইউনাইটেড ও সৌদি এয়ারলাইন্সের বিমান দুটি ৭শ মিটারের মধ্যে চলে এসেছিল!