ইসরাইলি গণহত্যার প্রতিবাদে কালোপতাকা মিছিল করবে ২০ দল

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২২:৫৬
গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে কালো পতাকা মিছিল করবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা ও ২০ দলের মহাসচিব পর্যায়ে বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে আগামী ১৬ আগস্ট শনিবার ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলা সদরে কালো পতাকা মিছিল করবে ২০ দলীয় জোট। ওইদিন ঢাকার কর্মসূচি শুরু হবে বিকাল ৩টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে। মির্জা ফখরুল বলেন, আগামী ১৯ আগস্ট মঙ্গলবার সমপ্রচার নীতিমালা বাতিলের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে জোটটি। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য রাখবেন। এছাড়া নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ করবে ২০ দলীয় জোট। মির্জা ফখরুল সরকারের সমালোচনা করে বলেন, আমরা নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলনের পাশাপাশি জনগণের দুর্ভোগ লাঘবে আন্দোলন করছি। সরকার রাষ্ট্রীয় সাংবিধানিক ও স্বাধীন সংবাদপত্রে কণ্ঠরোধ করতে সমপ্রচার নীতিমালা করেছে। তাদের উদ্দেশ্য গণতন্ত্রকে বাদ দিয়ে বাকশাল কায়েম করা। ঘোষিত কর্মসূচিতে বাধা দিলে বিএনপি কি কর্মসূচি দিবে- জানতে চাইলে তিনি বলেন, আশা করি সরকার বাধা দেবে না। আর যদি বাধা দেয়া হয় তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। ফখরুল জানান, বৈঠকে জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ ও বিএনপির আনভীর আদেল খান বাবুসহ গ্রেফতার হওয়া শতাধিক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানানো হয়। বৈঠক ও সাংবাদিক সম্মেলনে জোট নেতাদের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর রিদওয়ান উল্লাহ শাহেদী, খেলাফত মজলিশের মাওলানা মজিবুর রহমান পেশোয়ারী, এনডিপির আলমগীর মজুমদার, জাগপার খোন্দকার লুত্ফর রহমান, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, বিজেপির সালাহউদ্দিন মতিন প্রকাশ, ইসলামিক পার্টির আবদুর রশীদ, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদী, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, মুসলিম লীগের মাওলানা শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, কল্যাণ পার্টির এমএম আমিনুর রহমান, জমিয়তে উলামা ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ৩ দিনের কর্মসূচি এদিকে আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনদিনের দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রীফিং এ দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- ৩১ আগস্ট বিএনপির উদ্যোগে আলোচনা সভা। সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সকাল ৬ টায় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। একই দিন সকাল ১০টায় জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধাঞ্জলি ও ফাতেহা পাঠ। এ সময় খালেদা জিয়ার নেতৃত্বে দলের সকল নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া ২ সেপ্টেম্বর বিকেলে নয়াপল্টন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। মহানগর বিএনপির যৌথসভা আজ আজ বুধবার ঢাকা মহানগর বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হবে। নয়াপল্টনের বিএনপির কার্যালয়ে বিকেল ৪টায় এ যৌথসভা অনুষ্ঠিত হবে। সভার সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।