উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বুধবার প্রকাশিত হবে। আটটি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার ফল আজ দুপুর ১টায় একযোগে প্রকাশ করা হবে। এর আগে সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। ভিডিও কনফারেন্সে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। বেলা ১টায় শিক্ষামন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ ওয়েব মেইল এর মাধ্যমে প্রাপ্ত ফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboard.gov.bd ওয়েবসাইটের ওয়েব মেইল ব্যবহার করে প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফল ডাউনলোড করতে পারবে।
পরীক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে ফল সংগ্রহ করতে পারবে। এছাড়া ইন্টারনেটে ও মোবাইল এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীরা পরীক্ষার ফল জানতে পারবে। শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফল পাওয়া যাবে না।
ওয়েবসাইটের মাধ্যমে ফল
পরীক্ষার্থীগণ শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট www. educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন।
মোবাইল এসএমএসের মাধ্যমে ফল
যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে HSC অথবা Alim লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আরো স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
পুনঃনিরীক্ষণ: পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এজন্য শুধু টেলিটক মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে স্পেস দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
গত ৩ এপ্রিল সারা দেশে একযোগে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত ৮ জুন। দশটি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
