উপজেলার কামারপাড়া ও গবড়া গ্রামে বিষধর সাপের কামড়ে তিন বছরের শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এতে জখম হয়েছে অন্তত চারজন। নিহতরা হল গবড়া গ্রামের আলামিন (৩), খবির উদ্দিন (৫৫) এবং কামারপাড়া গ্রামের সাজেদা বেগম (৪৫)।
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নের কামারপাড়া, গবড়াসহ ৮-১০টি গ্রামে বিষধর সাপের বিচরণ বেড়ে গেছে। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। সাপের কামড়ে গত দুই দিনের ব্যবধানে গবড়া ও কামারপাড়া গ্রামের তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. তওফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলাকার কোন লোকজন তাদের অফিসে ঘটনাটি এখন পর্যন্ত অবহিত করেনি। বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যায়। সাপের কামড় থেকে বাঁচার জন্য এলাকার লোকজনদের সচেতন হতে হবে এবং ঘরে ঘরে কার্বলিক এসিড রাখলে হয়তো সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
