ভিকারুন নিসা স্কুলের ছাত্রী ধর্ষণ মামলা

শিক্ষক পরিমলের বিরুদ্ধে তিন সহকর্মীর সাক্ষ্য

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২২:৫৮
ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার দশম শ্রেণির ছাত্রী ধর্ষণের মামলার আসামি শিক্ষক পরিমলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তারই তিন সহকর্মী। এরা হলেন স্কুলটির সমাজ বিজ্ঞানের শিক্ষক বাবুল কুমার কর্মকার, গণিতের শিক্ষক জগদিশ চন্দ্র পাল এবং শারীরিক শিক্ষার শিক্ষক জান্নাতুল নেসা। গতকাল মঙ্গলবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কারাগারে থাকা পরিমলকে এ সময় আদালতে হাজির করা হয়। সাক্ষিদের জবানবন্দি শেষে পরিমলের আইনজীবী মাহফুজ আহমেদ ও শাহীন ব্যাপারী তাদের জেরা করেন। সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক মো. আরিফুর রহমান পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন।