কি করে এলো

পরিচয়পত্র

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২০:১৭
হয়তো রাস্তায় নিরাপত্তা বাহিনীর তল¬াশী চলছে। কিংবা অফিসের কোনো একটা কাজে কোথাও গিয়েছেন। এ ধরনের নানা মুহূর্তে নিজের পরিচয়পত্রটা সাথে থাকা কিন্তু বেশ জরুরি। এ ছাড়া আধুনিক সময়ে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বিভিন্ন দেশের ভিসার জন্য আবেদনসহ অনেক কাজেই প্রয়োজন পড়ে পরিচয়পত্রের। তবে আজ থেকে প্রায় ষোলশ বছরেরও বেশি সময় আগে যখন পরিচয়পত্রের ধারণার উদ্ভব হয়েছিল তখন কিন্তু এর অত শত উপযোগিতার কথা মাথায় ছিল না সভ্যতার বহু অগ্রগতির ধারক অসিরিয়দের। আর তাই স্রেফ নাগরিকদের জন্য একটা পরিচয় লিপিবদ্ধ করার তাগিদ থেকেই ২০০ খ্রিষ্টপূর্বে পরিচয়পত্রের প্রচলন ঘটিয়েছিল অসিরিয় শাসকরা। বলা বাহুল্য, আজকের দিনের মতো কাগজে মুদ্রনের ব্যবস্থার অস্তিত্বই তখন ছিল না। আর তাই মানুষের জানা মতে পৃথিবীর প্রথম পরিচয়পত্রটি তৈরি হয়েছিল খড়িমাটি দিয়ে। অসিরিয়দের নিজস্ব পদ্ধতিতে তৈরি এই পরিচয়পত্রগুলো ছিল দেখতে অনেকটা বিস্কুটের মতো। আর প্রাথমিক যুগের সেই পরিচয়পত্রে শুধুমাত্র নাগরিকদের ব্যক্তিগত বিভিন্ন তথ্য যেমন নাম, পদবী বা গোত্র এবং ঠিকানার মতো বিষয়গুলোই লেখা থাকতো। অসিরিয়দের এই পরিচয়পত্রের ধারণাটি পরে ক্রমে ক্রমে তাদের সাথে বাণিজ্য করা বা অসিরিয়দের সংস্পর্শে আসা অন্য জাতি বা সভ্যতাগুলোর মধ্যেও ছড়িয়ে পড়ে। আর আধুনিক সময়ে পরিচয়পত্রের অত্যবশ্যকীয় উপাদান হিসেবে ছবির যে ব্যবহার আমরা দেখি সেটি শুরু হয় গেল শতকের শুরুর দিকে। এ ছাড়া জাতীয় পর্যায় বা সরকারি চাকুরিজীবিদের বাইরে পরিচয়পত্রের ব্যবহার বাড়তে থাকে ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন কারখানা ও অফিস আদালতেও।