ক্যারিয়ার জিজ্ঞাসা

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:০৮
প্রশ্ন :আমি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। ছোটবেলা থেকেই আমার ছবি তুলতে ভালো লাগে। তাই আমি ফটোগ্রাফিকেই আমার ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে চাই। আগে আমি ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুললেও এখন আমার ডিএসএলআর ক্যামেরা রয়েছে। এটি দিয়েই আমি ছবি তুলে থাকি। তবে ফটোগ্রাফি বিষয়ে আমার কোনো কোর্স করা নেই। কোথায় কোর্স করলে আমার জন্য সবচেয়ে ভালো হবে? আর ফটোগ্রাফিতে কি ভালো ক্যারিয়ার গড়া সম্ভব? ফটোগ্রাফিতে কী ধরনের কাজের সুযোগ রয়েছে আমাদের দেশে? আসনান জাহিদ উত্তরা, ঢাকা। ফটোগ্রাফি এখনকার সময়ে তরুণদের জন্য আকর্ষণীয় একটি পেশা হতে পারে। তবে তার আগে ফটোগ্রাফি ভালোভাবেই শেখা দরকার। এর জন্য সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট বা পাঠশালা’য় ভর্তি হওয়া যেতে পারে। এটি কেবল আমাদের দেশের জন্যই নয়, ফটোগ্রাফিতে বিশ্বের অন্যতম শীর্ষ একটি প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন স্বল্পমেয়াদি কোর্স ছাড়াও রয়েছে ফটোগ্রাফিতে অনার্স করার সুযোগ। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি বিভিন্ন মেয়াদের কোর্স করিয়ে থাকে। দেশের শীর্ষস্থানীয় অনেক ফটোগ্রাফারই এখানে শিখিয়ে থাকেন। দেশে এখন অনেকেই ফটোগ্রাফিকে পেশা হিসেবে গ্রহণ করছেন। এই চাহিদা আরও অনেকদিনই থাকবে। নিজে ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন আপনি। তাছাড়া বিভিন্ন সংবাদপত্র এবং মিডিয়া হাউজগুলোতে চাহিদা রয়েছে ফটোগ্রাফারদের। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]