গত বছর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড শুধু ২০১৩-১৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নয়টি বিষয়ের প্রশ্ন কাঠামো সৃজনশীল পদ্ধতি এক বছরের জন্য স্থগিত করে রচনামূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন বহাল রাখার প্রজ্ঞাপন জারি করে। জানতে পারলাম, নয়টি বিষয়ের শিক্ষকদের সৃজনশীল প্রশিক্ষণ না হওয়ায় সৃজনশল পদ্ধতি এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। একাদশ শ্রেণির ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ক্লাস জুলাই থেকে শুরু হয়েছে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের নয়টি বিষয়ের (১. কৃষিশিক্ষা, ২. অর্থনীতি, ৩. ভূগোল, ৪. মনোবিজ্ঞান, ৫. পরিসংখ্যান, ৬. ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, ৭. উত্পাদন ব্যবস্থাপনা ও বিপণন, ৮. ইসলাম শিক্ষা এবং ৯. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) প্রশ্ন কাঠামো কেমন হবে তা জানানো হয়নি। ফলে কয়েক হাজার শিক্ষকের পাঠদান ও কয়েক লাখ ছাত্রছাত্রীরা লেখাপড়া ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, সকল বই সৃজনশীল কিন্তু প্রশ্ন কাঠামো সনাতন হওয়ায় সমস্যা আরো বেড়েছে।
পরিশেষে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নয়টি বিষয়ের প্রশ্ন পদ্ধতির ব্যাপারে প্রজ্ঞাপন জারির ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সমীপে বিনীত আবেদন জানাচ্ছি।
কৃষিবিদ ফরহাদ আহাম্মেদ,
সহকারী অধ্যাপক (কৃষিশিক্ষা),
শহীদ জিয়া মহিলা কলেজ, ভূঞাপুর, টাঙ্গাইল
