গৌরনদী উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সরকারি নীতিমালা উপেক্ষা করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কয়েকজন এটিও’র যোগসাজশে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক এ অতিরিক্ত ফি আদায় করে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলায় ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণী বাদে ২২ হাজার ৬২৯ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় ১ম ও ২য় শ্রেণীতে ১০ টাকা, ৩য় শ্রেণীতে ১৫ টাকা, ৪র্থ ও ৫ম শ্রেণীতে ২০ টাকা করে পরীক্ষার ফি নেয়ার সরকারি নীতিমালা রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পরীক্ষার প্রতিসেট প্রশ্নপত্র ৩ টাকা মূল্যে সরবরাহ করে থাকে। কিন্তু দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ১ম ও ২য় শ্রেণীতে ২৫ টাকা থেকে ৩০ টাকা, ৩য় শ্রেণীতে ৩০ টাকা থেকে ৪০ টাকা ও ৫ম শ্রেণীতে ৪০ টাকা থেকে ৫০ টাকা করে পরীক্ষার ফি আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম বলেন, এ ব্যাপারে কোনো শিক্ষার্থী বা অভিভাবক আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
