গোপালপুরে যমুনার ভাঙ্গন যেন আর শেষ হতে চাচ্ছে না। বিগত তিন দিনে নদী ভাঙ্গনে আরো তিন শতাধিক পরিবার ঘর-বাড়ি ও জমি-জমা হারিয়ে পথে বসেছেন। চরসোনামুই গ্রাম ইতিমধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইউপি সদস্য আয়নাল হোসেন জানান, এবার বর্ষাকালে যমুনার ভাঙ্গনে চার সহস্রাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জেলা প্রশাসক মাহবুব হোসেন এবং উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার গত শনিবার গোপালপুর উপজেলার ঝাওয়াইল ও হেমনগর ইউনিয়নের যমুনায় ভাঙ্গন কবলিত ও ক্ষতিগ্রস্ত চারটি গ্রাম পরিদর্শন করেন। জেলা প্রশাসক পরে সোনামুই বাজারে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সাথে কথা বলেন। তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য খাদ্য, ঢেউটিন ও নগদ টাকা বিতরণের প্রতিশ্রুতি দেন।
