চলতি মাসেই শুরু হচ্ছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের পূর্ণাঙ্গ কার্যক্রম। এর মধ্য দিয়ে জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। ইতোমধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তৈরির সরঞ্জাম সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৌঁছেছে। চলছে স্থাপনের কাজ। জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিস চালুর এক বছর অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু না হওয়ায় ভোগান্তি ছিল চরমে। এবার সেই ভোগান্তির দিন শেষ হতে চলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে মঙ্গলবার বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতক্ষীরাসহ দেশের ৩৩টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রমের উদ্বোধন হলেও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে আরও কয়েকদিন সময় লেগে যেতে পারে বলে অফিস সূত্রে জানা গেছে।
জানা যায়, এর আগেও জেলায় পাসপোর্ট অফিস ছিল। কিন্তু মেশিন রিডেবল পাসপোর্ট চালুর পর ২০১০ সালে সাতক্ষীরা থেকে পাসপোর্ট অফিস খুলনায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে ২০১৩ সালের মার্চ মাসে আবারও সাতক্ষীরায় আঞ্চলিক পাসপোর্ট অফিস চালু করা হয়। এমআরপি মেশিন না থাকায় এ অফিস শুধুমাত্র পাসপোর্ট নবায়নের কার্যক্রম শুরু করে। সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক শেখ মাহবুর রহমান বলেন, আশা করছি চলতি মাসে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হবে।
