৩০তম বিসিএস পররাষ্ট্র ব্যাচের সমাপনী
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ রক্ষায় নিজেদের প্রস্তুত করতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি তরুণ কূটনীতিকদের আহবান জানিয়েছেন। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে ১৮তম বিশেষায়িত কূটনীতিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বপ্রেক্ষিতে কূটনীতি বহুমাত্রিক রূপ ধারণ করেছে এবং এই চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাগত দক্ষতা অর্জনের বিকল্প নেই। বাংলাদেশের কূটনীতিকদের দায়িত্ব হলো ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার জন্য নিজ দেশের অবস্থান সম্পর্কে সম্যক অবহিত হওয়া। আন্তর্জাতিক পরিমন্ডলে উন্নয়নশীল দেশের ন্যায্য ও আইনসম্মত দাবিসমূহ সঠিকভাবে উপস্থাপনের জন্য তিনি তাদের পরামর্শ দেন। সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক, একাডেমির প্রিন্সিপাল মুসতাফা কামাল, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক রাষ্ট্রদূত এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ছয় মাস মেয়াদী বিশেষায়িত এই প্রশিক্ষণে ১২জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ৩০তম বিসিএস (পররাষ্ট্র) ব্যাচের মনোয়ার মোকাররম প্রথম স্থান অধিকার করেন।
