রোগীর মৃত্যু জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতালে ভাংচুর

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২২:১৭
ভুল চিকিত্সায় যুবকের মৃত্যুর অভিযোগ এনে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাংচুরের অপচেষ্টা চালায় রোগীর স্বজনরা। এ কারণে হাসপাতালে চিকিত্সা কার্যক্রম ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হাসপাতালের দুই চিকিত্সককে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। নিহত রোগীর নাম কবির আলী (৩০)। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পালাই গ্রামের মৃত ছিনাত উল্যাহর পুত্র। জালালাবাদ থানার ওসি জানান, ভুল চিকিত্সায় মৃত্যুর অভিযোগ এনে কবিরের স্বজনরা হাসপাতালে ভাংচুরের চেষ্টা চালায়। এ সময় মেডিক্যালের সিকিউরিটি গার্ডের সদস্যরা তাদের প্রতিরোধ করে। তিনি জানান, এ ঘটনায় কর্তৃপক্ষ অভিযুক্ত দুই চিকিত্সককে বরখাস্ত ও একটি তদন্ত কমিটি গঠন করেছেন।